বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মসজিদের টাকা আত্মসাৎ ও মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি

By Meherpur News

April 16, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর চালতলাপাড়া জামে মসজিদের টাকা আত্মসাৎ ও মসজিদের জমির মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য কাজী হাবিবের বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশরাফপুর চালতলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আশরাফপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাবিবুর রহমান মসজিদের মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গত ১৩ এপ্রিল রাতে তিনি মসজিদের নিজস্ব জমির মাটি গোপনে অন্যত্র বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মাটিকাটা মেশিন জব্দ করে রাখে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, মুতাওয়াল্লি হিসেবে তিনি মসজিদের দানের অর্থ ও অন্যান্য আয় আত্মসাৎ করছেন এবং কমিটিকে কোনো হিসাব দিচ্ছেন না।

এ ঘটনায় যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় শিমুল হোসেন, জুয়েল রানা, ইমরান হোসেন, হাসিবুর রহমান ও হিয়াতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।