বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহান বিজয় দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন যথাযথ যোগ্য মর্যাদায় বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করা হবে।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে পুস্পমাল্য অর্পণ করবেন। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর খান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এবং মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠান দেওয়া প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। পরে সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দেশের শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় ৫০ তম বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হবে। এদিকে মহান বিজয় দিবসের ৫০ তম বর্ষ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠের গ্যালারিতে বর্ণাঢ্য মানব পতাকা তৈরি করা হবে। মেহেরপুর শহর সহ শহরের আশেপাশের ১৮ টি বিদ্যালয় সহস্রাধিক শিক্ষার্থী মানব-পতাকা ও ৫০ লেখায় অংশগ্রহণ করবে। দিনের সবচেয়ে আকর্ষণীয় এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।