মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৭ বোতল এসকাফ নামের কোডিন ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে সদর উপজেলার দক্ষিণ শালিকার পুরাতন জামে মসজিদপাড়া এলাকায় মো. ফয়জুদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ঘাস-বিচালি কাটার মেশিনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১৭ বোতল এসকাফ নামের কোডিন ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুদ্দিন ও তার স্ত্রী মুশিয়া দীর্ঘদিন ধরে কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।