বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

February 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সকল কর্মকর্তা ও ফোর্সকে আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য নির্দেশ দেন।

তিনি মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিকদের সর্বোচ্চ মানের পুলিশিং সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।