বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাহে রমজানের ডাক: তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

By Meherpur News

February 28, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজ এর সহযোগিতায় “কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা: মাহে রমজানের ডাক” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাহে রমজানে তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, তারাবির নামাজ রমজানের বিশেষ আমল, যা বান্দাকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এবং পাপ মোচনের অন্যতম মাধ্যম। তিনি কুরআন ও সহিহ হাদিসের আলোকে তারাবির ফজিলত তুলে ধরেন এবং মুসল্লিদের নিয়মিত তারাবি আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়াদ মাশরুর ত্বোহা। এছাড়া ইসলামি গজল পরিবেশন করেন আব্দুর রহিম, যা উপস্থিত মুসল্লিদের মাঝে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। মাহে রমজানের তাৎপর্য ও আমলের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।