মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “মাহে রমজান সম্পর্কে মহিলাদের মাসায়েল” শীর্ষক বিষয়ে আলোচনা করেন জান্নাতুল মাওয়া আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল গাফফার। তিনি রমজান মাসে নারীদের করণীয়-বর্জনীয়, রোজা সংক্রান্ত বিভিন্ন মাসায়েল ও ইসলামী বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাহিদ ইসলাম। পরে ইসলামী গজল পরিবেশন করেন রাফিউল ইসলাম। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য ও ইসলামী জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।