মেহেরপুর নিউজঃ মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে রোজা রেখে প্রায় পৌনে তিন ঘণ্টা একটানা পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে শনিবার সকাল ১০টার দিকে শহরের বড়বাজার এশিয়া নেট মোড় এলাকা থেকে এই অভিযান শুরু করা হয়। প্রথম দিনে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শহরের তিনটি এলাকায় অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে বড়বাজার মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কলেজ মোড় পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক পার্থ প্রতীম শীল। এছাড়া সার্কিট হাউস থেকে পন্ডের ঘাট পর্যন্ত অন্য একটি টিম পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতেই জেলা প্রশাসক এশিয়া নেট মোড় থেকে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করা শুরু করেন। তার সঙ্গে সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, রোভার স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট সদস্য এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে এশিয়া নেট মোড় থেকে প্রধান সড়কের দুই পাশের মাত্র প্রায় ২০০ গজ এলাকার মধ্য থেকেই এক ট্রাক পলিথিন ও ময়লা উদ্ধার করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই অভিযান দুপুর ১২টা ৪৫ মিনিটে ওয়াপদা মোড়ে গিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। পুরো সময় জুড়ে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির রোজা রেখে প্রচণ্ড রোদ উপেক্ষা করে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে উপস্থিত সবার কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
পরে ওয়াপদা মোড় এলাকায় প্রথম দিনের অভিযানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।