মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।‘জাতির পিতার শিল্পনীতি ও শিল্পোন্নত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।