বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহর ও গ্রামগুলােকে পার্থক্য রেখে বিদ্যুতের লােডসেডিং

By মেহেরপুর নিউজ

June 27, 2024

 মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে শহর ও গ্রামগুলােকে পার্থক্য রেখেই রুটিন করে চলছে লোডশেডিং। তীব্র তাপদাহের মধ্যে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আর এর ভীষণ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের মধ্যে।

মেহেরপুর জেলার বিভিন্ন শহরগুলোতে তেমন লােডসেডিং না হলেও গ্রামে বিদ্যুত ব্যবস্থা অধিকাংশ সময় লোডশেডিংয় হচ্ছে। লােডশেডিংয়ের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মনসংযোগে বিঘ্ন ঘটছে, ব্যাহত হচ্ছে পড়ালেখা। এছাড়া বিদ্যুৎ না থাকায় ক্লাসরুম অন্ধকারে ঢেকে যাচ্ছে। এর সঙ্গে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জানান, লোডশেডিংয়ের প্রভাবে তাদের দুর্ভোগের শেষ নেই। স্কুল পড়ুয়া শিক্ষার্থী মাহবুবু হােসেন বলেন, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মাল্টিমিডিয়া ক্লাসে প্রজেক্টর বারবার চালু এবং বন্ধের ফলে পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। হারিয়ে ফেলছি মনোযোগ। শিক্ষার্থী সােহেল রানা বলেন, কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় ক্লাসে সমস্যা হয়। একদিকে তীব্র গরমে টিকে থাকার কষ্ট, অন্যদিকে বারবার লোডশেডিং হাঁপিয়ে তুলছে জীবন।

এ বিষয়ে মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন জানান,মেহেরপুরে এমনই প্রচন্ড গরম। সেই সাথে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আগামি কিছু দিনের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাময়িকী পরীক্ষা শুরু হবে। তবে বিদ্যুত ব্যবস্থা ভাল না হলে,শিক্ষা ব্যবস্থার বিঘ্ন ঘটবে। জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের কৃষক আশরাফুল ইসলাম ক্ষােভ প্রকাশ করে বলেন,সারাদিন মাঠে পরিশ্রম করে রাতে ঘুমাতে গেলে,দেখা যায় বিদ্যুত বন্ধ। ঘনঘন বিদ্যুতের লােডসেডিংয়ের কারণে ক্ষেতে সেচ দেয়া সমস্যা হচ্ছে। শহরের মানুষ বিদ্যুত পাচ্ছে সব সময়। আর আমরা ঠিক মতাে বিদ্যুত পাচ্ছিনা।

মেহেরপুর পল্লীবিদ্যুত সমিতির জিএম স্বদেশ কুমার ঘােষ জানান,পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রটি সাময়িক বন্ধ রয়েছে। এ কারণে বিদ্যুতের কিছুটা লােডশেডিং হচ্ছে। কয়েক দিনের মধ্যে সেটি চালু হবে। এবং আশা করি আগামি ৩ দিনের মধ্যে বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হবে।