বর্তমান পরিপ্রেক্ষিত

“মেহেরপুরে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে আনসার-ভিডিপি মোতায়েন

By মেহেরপুর নিউজ

October 20, 2023

মেহেরপুর নিউজ:

শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর অপারেশন শাখার নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ১৯ থেকেন ২৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন ব্যাপী ৩টি উপজেলার ৪৩ টি পূজামণ্ডপে নিরাপত্তা বিধানে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন সম্পন্ন হয়েছে।

পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি’র ২৬৮ জন সদস্য-সদস্যা মণ্ডপে উপস্থিত থেকে স্ট্যাটিক দায়িত্ব পালন করবেন। ৪৩টি পুজামণ্ডপের মধ্যে সদর ১৪টি, মুজিবনগর ০৭টি এবং গাংনী উপজেলায় ২২টি পূজামণ্ডপ রয়েছে। পূজামণ্ডপসমূহকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এই তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ১ জন পিসি, ১ জন এপিসি, ৪ জন আনসার-ভিডিপি (পুরুষ) ও ২ জন মহিলাসহ ৮ জন; গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ১ জন এপিসি, ৩ জন আনসার-ভিডিপি সদস্য (পুরুষ) ও ২ জন মহিলা সদস্যসহ ৬ জন করে লাঠিসহ মোতায়েন রয়েছে।

মোতায়েনের পূর্বে তাদের দায়িত্বপালন, করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিতভাবে ব্রিফিং প্রদান এবং প্রতিটি মন্দিরে ডিউটি রেজিস্টার ও যোগাযোগের নম্বর সংবলিত ফেস্টুন প্রদান করা হয়েছে । এদিকে সার্বক্ষণিক জরুরি প্রয়োজনে যোগাযোগের নিমিত্তে জেলা আভি কার্যালয়ে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ খোলা রয়েছে। যার নম্বর-০২৪৭৭৭৯২৬২০। পূজা সংশ্লিষ্ট যেকোন প্রয়োজনে প্রতিটি উপজেলা পর্যায়ে উপজেলা কর্মকর্তাগণ এবং জেলা কার্যালয়ে সার্কেল অ্যাডজুট্যান্ট ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছন। এবং নিরাপত্তা বিধান ও আইন-শৃঙখলা রক্ষার দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সহায়তা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।