বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষার্থীদের যুদ্ধের বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

By মেহেরপুর নিউজ

June 03, 2024

মেহেরপুর নিউজ:

ভাতের মধ্যে কালো কালো পোকা। সে দৃশ্য দেখে জিজ্ঞেস করা হলে, জানানো হয়, এটি একটি প্রশিক্ষণ। যাও খেয়ে নাও। অন্ধকারের মধ্যে ভাত গুলো খেয়ে নাও। কিছু বুঝতে পারবে না। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র’র প্রশ্ন ছিল যুদ্ধকালীন সময়ে আপনারা খেতেন কি? জবাবে উপরোক্ত কথাগুলো বললেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বিরকত্বগাথা শোনানোর অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধকালীন সময়ে স্মৃতিচারণ করে এ কথা বলেন।

খন্দকার মোদাচ্ছের হোসেন অপর এক শিশুর সম্মুখ যুদ্ধ সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন, মটার আর সেলের বিকট শব্দে কানের পর্দা ফেটে যাবার মত উপক্রম হচ্ছে। তারপরও কমান্ডারের নির্দেশ, পিছু হট্টা বার কোন সুযোগ নেই। সামনের দিকে বোমার আঘাতে মানুষের নাড়ি ভুঁড়ি দিগ্বিদিক ছিটিয়ে পড়ছে। তারপরও আমরা পিছু হটিনি। মটারের এর আঘাত আমার বুকে লেগেছে। এখনো সে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সোমবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতেই বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোদাচ্ছের আলী, ইদ্রিস আলী,হুমায়ুন কবীর আরজু, এবং আব্দুল জলিল স্মৃতি স্মরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-সচীব নুরুল আমীন। অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।