আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: মেহেরপুরে সারাদেশ ব্যাপী জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,মেহেরপুর শহরের ওয়াপদাপাড়া’র আ: কাদেরের ছেলে শাজাহান(২৩) এবং আটক শাজাহানের ভাতিজা ঝালকাঠি জেলার হাসান(৪৫)। আটক চাচা-ভাতিজাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলার পুলিশ প্রশাসনের একটি উর্ধ্বতন টিম। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা করবে পুলিশ।
এদিকে মিছিলের পরপরই শহরে নাশকতা এড়াতে মোড়ে মোড়ে এবং বিশেষ বিশেষ স্থানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারকে মোবাইল ফোনে জানান,শিবির কর্মী আটকের জন্য তল্লাশী চালানো হচ্ছে। মসজিদে মসজিদে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে শিবির কর্মীরা নামাজ শেষে একত্রিত হয়ে মিছিল বের করতে না পারে। উল্লেখ্য,আজ মঙ্গলবার বিকেলে সারাদেশ ব্যাপী আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে মেহেরপুর জেলা ছাত্রশিবির শহরের কাথুলী মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরাস্তার মোড়ে পৌছালে পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়। পুলিশী বাঁধায় মিছিলে অংশগ্রহনকারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ দু’জনকে আটক করে।