আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে শিবির কর্মী সন্দেহে আটক ২ জনকে বিনা শর্তে মুক্তি দিয়েছে পুলিশ। পুলিশী যাচাই বাচাইয়ে শিবির কর্মী হিসেবে কোন প্রমান না মেলা এবং মিছিলে’র সাথে তাদের কোন সম্পৃক্ততা না পাওয়ায় আটকের ৫ ঘন্টা পর তাদেরকে মুক্তি দেয় মেহেরপুর সদর থানা পুলিশ। মুক্তিপ্রাপ্ত দু’জন হলেন,ভাতিজা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের সুফি আব্দুল আজিজের ছেলে মোঃ হাসান (৪৪) এবং চাচা মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ার কাদের হুজুরের ছেলে শাজাহান (২৩)। মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এসআই পলাশ মেহেরপুর নিউজের সিনিয়র রির্পোটার আবু আক্তারকে মোবাইল ফোনে জানান,আটক দু’জনের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন প্রমান না মেলায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেরপুর সদর থানা থেকে আটক দু’জনকে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে তারা নিজ বাড়িতে অবস্থান করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়,আটক দু’জন কেনাকাটা করার জন্য বড় বাজারে আসে। মিছিলে পুলিশী বাঁধা দেওয়ার সময় তারা একই স্থানে অবস্থিত আগরওয়ালা বস্ত্রালয়ে একটু তড়িঘড়ি করে ঢুকে পড়ে। একারনে পুলিশ তাদেরকে সন্দেহ করে এবং আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য,মঙ্গলবার বিকেলে সারাদেশ ব্যাপী আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে মেহেরপুর জেলা ছাত্রশিবির শহরের কাথুলী মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরাস্তার মোড়ে পৌছালে পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়। পুলিশী বাঁধায় মিছিলে অংশগ্রহনকারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ দু’জনকে আটক করে।