মেহেরপুর নিউজ:
টানা দুইদিন প্রচন্ড শীতের পর এবার শুরু হয়েছে শৈত প্রবাহ। শৈত প্রবাহের দ্বিতীয় দিন রবিবার ভোর থেকে কুয়াশা পড়া শুরু হয়েছে সকাল ১১টা পর্যন্ত কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এখনো সূর্যের মুখ দেখা যায়নি।
গত বৃহস্পতিবার শুক্রবার প্রচন্ড শীতের কারণে শিশু ও বৃদ্ধদের নিদারুণ কষ্ট পেতে হচ্ছে। এরপর শনিবার থেকে শুরু হয়েছে শৈত প্রবাহ। গতবছরের তুলনায় শীতের তীব্রতা আরও বেড়েছে। মানুষ জন মূলত গৃহবন্দি হয়ে পড়েছে।
নিম্ন আয়ের মানুষজন ফুটপাতে বিক্রি হওয়া কম মূল্যের গরম কাপড় কেনার জন্য ভিড় জমাচ্ছে। শনিবার ভোর থেকে এমনিতেই ঘন কুয়াশা এরপরে মৃদু বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। শীতের কবল থেকে রক্ষা পেতে পাড়া-মহল্লা কিংবা রাস্তার দু’পাশে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। শনিবার ভোর থেকে প্রচণ্ড কুয়াশার কারণে রাস্তায় মানুষের পাশাপাশি যান চলাচল কম থাকার পরও যেসব যানবাহন চলাচল করছে তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কেমন পরিস্থিতি আরো দু’একদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।