মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জনাব এ. এস. এম. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, মেহেরপুর সদর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে পাঠদান করে আসছেন এ. এস. এম. সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি, অংশগ্রহণমূলক শিক্ষণ কৌশল প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি একজন দায়িত্বশীল ও পারিবারিক মানুষ। তার স্ত্রী মোছাঃ আইরিন কানিজ একজন গৃহিণী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি মেহেরপুর শহরের বাইতুল আতিক জামে মসজিদ রোড, ২ নম্বর ওয়ার্ড, বোসপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
পুরস্কার গ্রহণের পর তিনি আয়োজক কর্তৃপক্ষ, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এ ধরনের উদ্যোগ শিক্ষকদের অনুপ্রাণিত করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।