বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলেন ইউএনও

By Meherpur News

November 26, 2025

মেহেরপুর নিউজ 

মেহেরপুরের কাথুলী সড়কে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। শুধু উদ্ধারই নয়, তিনি নিজ উদ্যোগে ওই যুবকের চিকিৎসার খরচও বহন করেন। বুধবার দুপুরে কাথুলী সড়কের তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের স্বপন আলীর ছেলে জাহিদ আলী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাথুলী সড়কের তেল পাম্পের কাছে একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। রাস্তায় পড়ে থাকা অবস্থায় কেউ তাকে হাসপাতালে নেয়ার উদ্যোগ না নিলে জাহিদ রক্তাক্ত অবস্থাতেই পড়ে থাকেন।

এ সময় সুবিদপুরগামী পথে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ইউএনও মোঃ খায়রুল ইসলাম ঘটনাস্থলে জাহিদকে পড়ে থাকতে দেখে দ্রুত নিজের গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করেন। পরে তিনি নিজেই আহত জাহিদকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পৌঁছে দেন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তিনি নিজ উদ্যোগে ওষুধ এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন।

ইউএনও’র মানবিক উদ্যোগের এই ঘটনাটি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় এলাকাবাসী ইউএনও মোঃ খায়রুল ইসলামের ভূয়সী প্রশংসা করেছেন।