মেহেরপুর নিউজ,০৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ভারতের তৈরি এক লাখ ১৯ হাজার ৮শ পিস স্যানিগ্রা নামের যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে ট্যাবলেট পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি বিজিবি’র ওই দলটি। মঙ্গলবার ভোরে বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি দল সীমান্তের কাঁটাতারের নিকট থেকে ওই ট্যাবলেটগুলি উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা হবে। বিজিবি-৬ চুয়াডাঙ্গার ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মোহাম্ম্দ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা বিওপি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি দল বুড়িপোতা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় স্যানিগ্রা পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে স্যানিগ্রা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি ওই স্থান থেকে প্রায় কোটি টাকারও বেশী মূল্যর ওই স্যানিগ্রা ট্যাবলেটগুলি উদ্ধার করে।