মেহেরপুর নিউজঃ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের আওতায় “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিগার সুলতানা।
মেলায় মেহেরপুর সদর উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— মেহেরপুর সরকারি কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ, কাজী কুদ্রাতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, শালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়।
পরে প্রধান অতিথি বাবলু সূত্রধরসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।