বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান: নাম-ঠিকানাবিহীন ও পচা দই জব্দ, বিনষ্ট

By Meherpur News

February 05, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে নাম-ঠিকানা, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন দই উদ্ধার করে তা বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আমঝুপি বাজারের একটি মিষ্টির দোকান থেকে পচা ও ছত্রাকযুক্ত দই উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দই জনসম্মুখে ফেলে দেওয়া হয়।

এ সময় দোকান মালিককে দইয়ের পাত্রে বাধ্যতামূলকভাবে মালিকের নাম-ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, মূল্য ও ওজন উল্লেখ করে সরবরাহ ও বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।