মেহেরপুর নিউজ:
হেরোইন রাখার অভিযোগে মিয়ারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ছামরুর মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাতে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল সদর উপজেলার নুরপুর মোড়ে অভিযান চালায়। এ সময় পিরোজপুরগামী একটি ইজিবাইক তল্লাশি করে মিয়ারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে বহনকারী ইজিবাইকটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-৮(গ)/৪১/৩৮ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-৮, সেশন ৭২১/২০২৪ এবং জিআর নং-২০৩/২০২৪ (সদর)।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।