রাজনীতি

মেহেরপুরে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

April 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল:

আইন শৃংখলা বাহিনীর সর্তক অবস্থান ও কঠোর নিরাপত্তার  মধ্য দিয়ে  বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা  হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় পালিত হয়েছে । হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন

গাড়ি ছেড়ে যায়নি। সকালে ছেড়ে যায়নি কাঁচামাল বহনকারী কোন ট্রাক। আভ্যন্তরিণ রুটেও বাস চলাচল বন্ধ ছিলো । তবে শহরে রিকসা, ভ্যান, ইজিবাইক, টেম্পু, আলগামন, আলমসাধু,করিমন,নছিমন সহ সরকারী এবং ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।

হরতালের সমর্থনে মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর সংবাদ  পাওয়া যায়নি।শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতালকে সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোবরাত রাতে ১৮ দলীয় জোটের মিটিংশেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন। এর আগে ঐদিন সন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে তারাও মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেয়।