বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩৫ বছর আগে কেনা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

By Meherpur News

May 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে প্রায় ৩৫ বছর আগে ক্রয় করা জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

অভিযোগকারী আবু সাঈদ, তিনি একই গ্রামের আবদার আলীর ছেলে। সোমবার ভোরে বারাকপুর মৌজার দয়ের ধার মাঠে অবস্থিত ১০ কাঠা জমির পাকা ধান কেটে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

আবু সাঈদ বলেন, প্রায় ৩৫ বছর আগে তার বাবা আবদার আলী, আকবর আলীর স্ত্রী সাহারুন নেছার কাছ থেকে ১০ কাঠা জমি ক্রয় করেন। সেই থেকে তারা জমিটি ভোগদখল করে আসছেন এবং দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন।চলতি মৌসুমে ওই জমিতে তিনি ধান আবাদ করেন, যা সম্প্রতি পাকা শুরু হয়।

তার অভিযোগ, ভোরের দিকে একই গ্রামের আবু বক্করের ছেলে মোহাম্মদ, জলিল, জমিরের ছেলে মিয়া, সিদ্দিকের ছেলে শাহিনসহ কয়েকজন লোকজন নিয়ে এসে জমিটি দখলের উদ্দেশ্যে সব ধান কেটে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

আবু সাঈদ আরও জানান, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যেই রাতের আঁধারে ধান কেটে নেওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।