মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শাকিল হোসেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের ইছানুল হকের ৯ বছর বয়সী শিশু কন্যা তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শাকিল হোসেন তাকে কৌশলে ডেকে একটি পাটখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় মাঠে কর্মরত লোকজন শিশুর কান্নাকাটি শুনে এগিয়ে এলে ধর্ষক শাকিল হোসেন ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুপুরের দিকে এলাকাবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনার দিনই শিশুর পিতা ইছানুল হক বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত) অনুযায়ী একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৯, তারিখ: ১৬/০৬/২০২৫; জি আর কেস নং-১৮২/২৫; শিশু সহিংসতা দমন মামলা নং-৩৬/২০২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে দ্রুত চার্জশিট দাখিল করেন।
ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় এবং দ্রুত রায় সম্পাদনের লক্ষ্যে দূরবর্তী সাক্ষীদের জন্য ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয়। ফলে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই জটিল মামলার নিষ্পত্তি ঘটাতে সক্ষম হন আদালত।
মামলায় মোট ১২ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে গলায় ফাঁস দিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামির প্রতি আরোপিত ৩ লক্ষ টাকা জরিমানা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য করা হবে। উক্ত ক্ষতিপূরণের টাকা আসামি শাকিল হোসেনের বর্তমান সম্পত্তি হতে আদায় করা সম্ভব না হলে, ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক বা অধিকারী হবেন, তা থেকে আদায়যোগ্য হবে। এবং এক্ষেত্রে উক্ত সম্পদের ওপর অন্যান্য সমস্ত দাবির চেয়ে ক্ষতিপূরণের দাবি অগ্রাধিকার পাবে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে আইনি লড়াই করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
আজ রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। রায় পড়ার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি শাকিল হোসেনকে অত্যন্ত বিমর্ষ ও ভেঙে পড়তে দেখা যায়। রায় ঘোষণার পর উপস্থিত সাধারণ মানুষ ও ভুক্তভোগীর পরিবার দ্রুততম সময়ে এই ন্যায়বিচার প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন।