মেহেরপুর নিউজঃ বিচার কার্যক্রমকে দ্রুত ও ত্বরান্বিত করতে মেহেরপুর আদালতে প্রথমবারের মতো ভার্চুয়াল সাক্ষী জেরা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো: তাজুল ইসলাম শিশু ধর্ষণ-৩৬/২৬ মামলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসক, বিচারক ও পুলিশের সাক্ষ্য জেরা গ্রহণ করেন। এর মাধ্যমে বিচার কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু হওয়ায় আদালতের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নতুন অধ্যায় যুক্ত হলো। এদিন দুপুর ১টার দিকে শিশু ধর্ষণ মামলার শুনানি শুরু হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেন মামলার মেডিকেল অফিসার ও বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর গাইনি বিভাগের চিকিৎসক সাদিয়া আফরিন সোমা, শিশুর ২২ ধারায় জবানবন্দি গ্রহণকারী ও বর্তমানে নেত্রকোনা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার এবং মেডিকেল বোর্ডের সদস্য মেহেরপুর জেনারেল হাসপাতাল-এর আবাসিক মেডিকেল অফিসার এসএম জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে আইনজীবী মারুফ আহমেদ বিজন আদালতে উপস্থিত থেকে ভার্চুয়াল সাক্ষী জেরা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় মামলার বাদীপক্ষ, আসামি শাকিল হোসেন এবং অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ চলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১০ জুন সকালে গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের একটি পাটক্ষেতে এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।