মেহেরপুর নিউজঃ
মেহেরপুর আনসার-ভিডিপির অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-৬ষ্ঠ ধাপ) এর উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা প্রশিক্ষক (টিআই) মানিক মিয়ার সঞ্চালনায় জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জননিরাপত্তায় এ বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্ববহ ও সমাজ স্বীকৃত। উক্ত প্রশিক্ষণ গ্রহণ দ্বারা জননিরাপত্তামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রভূত ক্ষেত্র তৈরি হবে। সেখানে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলে বাহিনীর সুনাম বৃদ্ধির পাশাপাশি নিজেকে দক্ষ জনসম্পদে পরিণত করে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি সকল প্রশিক্ষণার্থীকে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে আহবান জানান। এ সময় কোর্সের সাথে সংশ্লিষ্ট কোর্স অ্যাডজুট্যান্ট গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, প্রশিক্ষণ কর্মকর্তা মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ আল-মামুন, সদর টিআই সাগর আহমেদ ও অন্যান্য প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। গঠিত বাছাই কমিটি কর্তৃক ২০ নভেম্বর জেলার তিনটি উপজেলা থেকে ৬৮ জন যোগ্য প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।