টপ নিউজ

মেহেরপুর- কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ, বিকালে জরুরি সভা

By মেহেরপুর নিউজ

July 12, 2019

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সকাল থেকে কোনো বাস জেলা থেকে ছেড়ে যায়নি।বিষয়টি নিয়ে মিমাংসার জন্য জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে বিকালে জরুরী সভা ডাকা হয়েছে। সভায় মালিক, শ্রমিক, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা থাকার কথা রয়েছে।

শুক্রবার সকাল থেকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কোনো বাস চলাচল করছে না। কুষ্টিয়া থেকেও কোনো বাস মেহেরপুরে আসছে না। বর্তমানে শ্যালো ইঞ্জিনচালিত বিভিন্ন প্রকার অবৈধযান আলগামন, নসিমন, করিমন ও ব্যাটারি চালিত অটোরিকশা এখন যাত্রীদের একমাত্র ভরসা।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আন্তঃজেলার সব রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ থাকে। বন্ধের সময় কাজ না থাকায় বাস শ্রমিকদের মানবেতর জীবন কাটাতে হয়। এজন্য বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি শ্রমিকদের। মালিকপক্ষ যতদিন এ দাবি না মানবে ততদিন বাস চলাচল বন্ধ রাখবে শ্রমিকেরা।

বাস মালিক সমতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিলো। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সঙ্গে না বসেই শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই সমাধান হবে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এদিকে বিষয়টি নিয়ে মিমাংসার জন্য জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে বিকালে জরুরী সভা ডাকা হয়েছে। সভায় মালিক, শ্রমিক, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা থাকার কথা রয়েছে।