বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবী ফোরামের একক প্যানেল

By Meherpur News

April 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল একক প্যানেল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে। মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সভাপতি পদে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু সালেহ মোঃ নাসিমসহ মোট ৯টি পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট সুজন কুমার মন্ডলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোখলেছুর রহমান খান স্বপন, কোষাধ্যক্ষ সেলিম রেজা গাজী, লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র সদস্য নিয়ামুল খান এবং সদস্য আয়েশা সিদ্দিকা ও তারিখ আহমেদ পাভেল।

মোট ৯টি পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন, বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাকসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যরা।