মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার,কারাবন্দী নেতাদের মুক্তি ও ইলিয়াস আলীকে ফেরত দেয়ার দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বুধবার মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর হল প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মেহেরপুর হল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ অরুন। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, আমঝুপী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, মামলা নির্যাতন, গুপ্তহত্যা ও অপহরণ করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, জনদাবী মেনে নিয়ে অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে এবং জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে।