মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি:
মেহেরপুর শহর থেকে নিখোঁজের ৪দিন পর অবশেষে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে নির্মানাধীন নতুন বাস টার্মিনালের একটি কক্ষ থেকে মেহেরপুর টেকনিক্যাল কলেজের ৯ম শ্রেণীর ছাত্র শাইখ হাসান প্রান্ত’র দুগর্ন্ধযুক্ত লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
পুলিশ প্রান্ত’র পকেট থেকে “আমার জান আরিফুলকে কেউ দোষ দিবানা” লেখা একটি চিরকুট,মোবাইল ফোন এবং এক গুচ্ছ চাবি উদ্ধার করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ মেহেরপুর সদর থানা চত্বরে রাখা হয়েছে বলে জানা গেছে। আগামীকাল সকালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর থানা পুলিশের এস আই কামাল মেহেরপুর নিউজকে জানান,এটি হত্যা নাকি আত্নহত্যা ময়নাতদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবেনা। আগামীকাল ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। চিরকুটে লেখা আরিফুল কে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরিফুলকে খোঁজা হচ্ছে। আরিফুলকে পেলে ঘটনার রহস্য অনেকটা উন্মোচিত হবে।
আজ শেষ বিকেলে মেহেরপুর নতুন বাস টার্মিনালের বিপরীত পাশে অবস্থিত আশারায়ে মোবাশ্বারার মাদ্রাসার ছেলেরা টার্মিনাল মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে তাদের বল টার্মিনালের মধ্য চলে যায়। পরে বল কুড়াতে গেলে এক ছাত্র কাউন্টারে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন সেখানে ছুটে যায়। পরে পুলিশকে খবর দিলে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছিয়ে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। পরে সংবাদ পেয়ে নিহত প্রান্ত’র স্বজনরা সেখানে পৌছিয়ে লাশ সনাক্ত করেছে বরে জানা গেছে।
উল্লেখ্য, মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা মেহেরপুর পৌরসভার হিসাব রক্ষক জাহিদ হাসানর ছেলে সাইখ হাসান প্রান্ত গত ৯ জানুয়ারি রাতে নিখোঁজ হয়। ঘটনার রাতে অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে পর দিন ১০ জানুয়ারী মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে।