মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডাকাত দলের দলনেতা রাশেদুল ইসলাম(৩৫) ও তার সঙ্গী শরিফুল (২৫) কে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে আটক করেছে মেহেরপুর পুলিশ। এছাড়াও গাংনী থানা ও জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের আরোও ৬ সদস্যকে আটক করে। তাদের তথ্যমতে দেশীয় অস্ত্র এবং ডাকাতি করা স্বর্ণালংকার,কাপড় সহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত অন্যান্যরা হচ্ছে, মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের রফিক (২৮), নুরপুর গ্রামের মিয়ারুল (৪০), পিরোজপুর গ্রামের লিটন (২০), সাধন (১৯) ও স্বপন (৩৪) এবং হিজুলী গ্রামের আলফাজ (২৮)। জেলার বিভিন্ন স্থানে থেকে আটক ডাকাত সদস্যেদের তথ্যমতে আজ শনিবার ভোরে ফরিদপুর জেলা শহরের বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ডাকাত সর্দ্দার পিরোজপুর গ্রামের রাশেদুল (৩৫) ও সঙ্গীয় শরিফুল (২৭) কে আটক করে পুলিশ। মেহেরপুর পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী মেহেরপুর নিউজকে বলেন, ঈদের আগে জেলার বিভিন্ন স্থানে ৫টি ডাকাতি সংঘটিত হয়। ডাকাতি হওয়া মোবাইলের সুত্রে ধরে ডাকাতির সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়। রিমান্ডে তারা ডাকাতির বিষয়ে এবং তাদের দলের সদস্যদের বিষয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করে। ফরিদপুর জেলা শহরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রাশেদুল ও সঙ্গীয় শরিফুলকে আটক করা হয়।