মেহেরপুর নিউজ:পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ফরেস্ট ইয়ার্ড পার্কে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পুনাক মেহেরপুর জেলা শাখার সভানেত্রী টুম্পা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এতে ফরেস্ট ইয়ার্ড পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ মেহেরপুর জেলা পুনাকের সদস্যবৃন্দ।