বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ফিলিং ষ্টেশনের ভেজাল তেল বিক্রির অভিযোগ ।। তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ ভ্রাম্যমান আদালতের

By মেহেরপুর নিউজ

March 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ:

মেহেরপুর ফিলিং ষ্টেশন  কেরোসিন মিশানো পেট্রোল বিক্রি করছে কয়েকজন ক্রেতার এমন অভিযোগের প্রেক্ষিতে  অভিযান চালিয়ে পেট্রোলের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ভেজালমুক্ত প্রমানিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো:হুমায়ন কবিরের নেতৃত্বে একটি টিম মেহেরপুর ‍ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে এ নির্দেশ দেন। এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক সেখানে উপস্থিত ছিলেন।

জানা যায়,মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপকসহ কয়েকজন ক্রেতা মেহেরপুর ফিলিং ষ্টেশন থেকে পেট্রোল কিনে মোটর সাইকেল চালাতে গেলে বারবার বন্ধ হয়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল মেকানিককে দেখালে তারা বলে তেলে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। কেরোসিন মেশানো তেল মোটরসাইকেলে ঢোকালে মোটরসাইকেল বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনের ক্ষতি হয়। এতে রুপক ক্ষিপ্ত হয়ে তার প্রতিবাদ করলে তারা রুপকের গাড়ির তেল পরিবর্তন করে দিতে চাই। কিন্তু রুপক তা গ্রহন না করে মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করলে সহকারী কমিশনার হুমায়ন কবির এবং মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মেহেরপুর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেলের নমুনা সংগ্রহ করে এবং বিএসটিআই পরীক্ষায় ভেজালমুক্ত প্রমানিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক মেহেরপুর নিউজকে জানান, একজন সচেতন নাগরিক হিসাবে আমি এ অন্যায়ের প্রতিবাদ করেছি যাতে সাধারন মানুষ সেখান থেকে তেল কিনে প্রতারিত না হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক  জানান, কয়েকজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে আমরা মেহেরপুর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেলের নমুনা সংগ্রহ করি এবং তেল বিক্রি বন্ধ রাখতে বলেছি। তিনি আরো জানান, বিষয়টি খুলনা বিএসটিআইকে অবহিত করেছি, তারা এসে পরীক্ষা করার পর পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।