মেহেরপুর নিউজ:
মেহেরপুর বড় বাজারের তহবাজারে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি ডাস্টবিন উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে তহবাজার এলাকায় এ ডাস্টবিনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান ফিতা কেটে ডাস্টবিনটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলাল মালিথা এবং তহবাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা।
ব্যবসায়ীরা জানান, তহবাজারে দীর্ঘদিন ধরে কোনো ডাস্টবিন না থাকায় অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলতেন। ফলে বাজার এলাকায় দুর্গন্ধ সৃষ্টি হতো এবং ক্রেতা-বিক্রেতাদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো।
তাদের মতে, নতুন ডাস্টবিন স্থাপনের ফলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা সম্ভব হবে এবং বাজারের পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।