রাজনীতি

মেহেরপুর বিএনপি কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের নামে মিথ্য মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

June 10, 2013

প্রেস বিজ্ঞপ্তি: মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগ-যুবলীগের হামলা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ ৪২ জন নেতা-কর্মীর নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানীমূলক মামলা দায়ের এবং বাংলাদেশ জাতীয় পার্টির জেলা আহবায়ক শেখ সাঈদ আহমেদসহ ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো: আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকার রাজনীতিতে এতটাই প্রতিহিংসাপরায়ন হয়ে গেছে যে, বিরোধী দলীয় কার্যালয়গুলোতেও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাতে দ্বিধাবোধ করছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভের সঙ্গে বলেন, বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে বিরোধী দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততা দেখে সরকার ভীত বলেই বিরোধী দলকে ভয় পাইয়ে দেয়ার অপচেষ্টার অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে হামলা এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই সরকার ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিএনপি নেতা-কমীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও বাংলাদেশ জাতীয় পার্টির গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।