বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর–মুজিবনগর সড়কে গভীর রাতে ছিনতাই; নারীসহ আহত ৩

By Meherpur News

February 05, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর–মুজিবনগর সড়কের পিটিআই এলাকার কাছে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় ইজি বাইক চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—মুজিবনগর উপজেলার নোয়াখালী গ্রামের আনসার আলীর ছেলে রাশিদুল ইসলাম, একই গ্রামের আনিসুজ্জামান টুটুলের মেয়ে রোকসানা আখতার জুঁই এবং ইজি বাইক চালক রাজ, যিনি মোনাজাত আলীর ছেলে।

জানা গেছে, একটি ভাড়া করা অটোযোগে রোগী নিয়ে মুজিবনগর থেকে মেহেরপুর আসার পথে পিটিআই এলাকা অতিক্রম করার পর ৭–৮ জনের একটি অস্ত্রধারী ছিনতাইকারী দল অটোটির গতিরোধ করে। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। পরে প্রতিরোধ করলে ছিনতাইকারীরা চালক ও যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে মুজিবনগর থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে জে আর পরিবহনের একটি গাড়ি আহত ইজি বাইক চালক রাজসহ অন্যদের উদ্ধার করে হোটেল বাজার এলাকায় নিয়ে আসে। সেখান থেকে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।