মেহেরপুর নিউজ:
অমর একুশে বইমেলা’২৩ এর পর্দা পড়েছে কয়েক দিন হলো। টানা এক মাস ধরে চলা বইমেলায় ব্যস্ত ছিল প্রকাশক, লেখক এবং পাঠকেরা। বইমেলার নিত্যকার রুটিনে ছেদ পড়লেও, বই পড়া এবং বই নিয়ে আলোচনার কিন্তু শেষ হয়নি। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধের পাশাপাশি অন্যান্য ধারার বইও এবার বেশ পাঠক প্রিয়তা পেয়েছে। বইমেলা ২০২৩ এ প্রকাশিত হয়েছে মেহেরপুর মেয়ে “অপরাজিতা অর্পিতা” পঞ্চম বই “নীল নৈঃশব্দের চিঠি”।
এটি একটি চিঠি সংকলন। চিঠির আবেদন চিরন্তন ও শ্বাশত। প্রযুক্তির কল্যাণে হাতে লেখা চিঠির প্রচলন এখন প্রায় নাই বললেই চলে। কিন্তু হাতে লেখা চিঠিতে যে আবেগ আর অনুভূতি থাকে তা অন্য কোন যোগাযোগ মাধ্যমে থাকেনা। চিঠি সাহিত্যের একটা অংশ হলেও চিঠি সংকলন খুব বেশি প্রকাশিত হয়না। অপরাজিতা অর্পিতা সেই সাহসিকতার কাজটাই করেছেন। তাকে নীল নৈঃশব্দ্যের চিঠি বইটি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” চিঠিও যে সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটার তাড়নায় তার এই চিঠি সংকলন বের করার উদ্দেশ্য।” ছোটবেলায় পুরানো ট্রাংক ঘেটে নানা, দাদার কাছে মা, বাবা কিংবা মামাদের পাঠানো চিঠি পড়ে, চিঠি লেখার আগ্রহ তৈরি হয় তার। একাত্তরের চিঠি বইটি পড়ে, চিঠি সংকলন প্রকাশ করার ইচ্ছে পোষণ করেন। কি আছে তার এই চিঠি সংকলনটিতে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সংকলনটিতে মোট ১১টি চিঠি রয়েছে, এর মধ্যে একটা চিঠির ৪টি পর্ব এবং আর একটা চিঠির ১০ টি পর্ব রয়েছে।
এখানে বাবাকে লেখা চিঠি, মা কে লেখা চিঠি, বন্ধুকে লেখা চিঠি, প্রিয় শহরকে লেখা চিঠি, ঈশ্বরকে লেখা চিঠি, হুমায়ূন আহমেদকে লেখা চিঠি, প্রেমিককে লেখা চিঠির মতো আরো অনেক চিঠি রয়েছে। এই চিঠিগুলো একবার পড়ে পাঠক ভাবতে বাধ্য হবে, কি পড়লাম। নিজের সাথে অনেকাংশেই মেলাতে পারবে চিঠিগুলোকে। অপরাজিতা অর্পিতা একাধারে কবি এবং লেখক। তার সার্টিফিকেট নাম “ফারজানা করিম অর্পিতা”। কোন একদিন জীবনের কোন একটি দিকে অপরাজিত হবেন, এই স্বপ্ন তাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়।
একাডেমিক পড়াশোনায় কখনো দ্বিতীয় হননি। পঞ্চম ও অষ্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ রয়েছে তার ঝুলিতে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসীতে অনার্স ও মাস্টার্স শেষ করে বিগত ১০ বছর দেশের নামকরা প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও ল্যাব এইড ফার্মাসিউটিক্যালসে চাকুরী করেছেন। বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ-৪ পেয়ে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান তিনি। কবির জন্মতারিখ ১৯ শে এপ্রিল। লেখালেখি ও আবৃত্তি নেশা। ভালবাসেন ঘুরে বেড়াতে, বই পড়তে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে। লেখালেখির সূচনা ছোট বেলায়।
অর্পিতার কাছে ভালোলাগা, ভালবাসা ও মুক্তির অন্য নাম লেখালেখি। তিনি বিভিন্ন সংকলন, ম্যাগাজিন, পত্র, পত্রিকা ও অনলাইন মাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। এ পর্যন্ত তার তিনটি কাব্যগ্রন্থ “শব্দের বেখেয়ালি আঁচড়”, ” অপ্রেমের অদ্ভুত আলাপ” ও “সিদ্ধ সমীকরণ” এবং একটি অনুগল্প সংকলন ‘অব্যক্ত হৃৎকথণ” প্রকাশিত হয়েছে। আগের বইগুলোর মতো নীল নৈঃশব্দ্যের চিঠি বইটিও পাঠকের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। ভিন্ন ধারার বই হওয়ায় অনেকে আগ্রহ নিয়ে বইটি কিনেছেন এবং পাঠ প্রতিক্রিয়া জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, কবি কামাল চৌধুরী, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, কবি রফিকুল ইসলাম রিজভী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অপরাজিতা অর্পিতার নীল নৈঃশব্দ্যের চিঠির প্রশংসা করেছেন।