মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোবাবেলায় কঠোর লকডাউন সাময়িক তুলে নেওয়ার তৃতীয় দিনে মেহেরপুর শহর যানজটের শহরে পরিনত হয়েছে । রবিবার সকাল থেকেই মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে যানজট শুরু হয়।
গত ১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত লকডাউন শেষে ১৫ তারিখ সকাল থেকে ২২ তারিখ পর্যন্ত লকডাউন প্রত্যাহার করা হয়। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানুষ কেনাকাটা করতে গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ শহর অভিমুখে রওনা দেন, যে কারণে শহরে তীব্র যানজট শুরু হয়েছে।
শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে বড়বাজার চার রাস্তার মোড় পর্যন্ত এ যানজট বেশি লক্ষ্য করা যাচ্ছে। অসংখ্য ইজিবাইক, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন এর পাশাপাশি পথচারীদের পদচারণায় মানুষকে নাজেহাল হতে হচ্ছে। এরই মাঝে শ্রাবণ মাস, বর্ষাকালের মাঝা মাঝি পেরিয়ে গেছে। শ্রাবণ মাস পড়ার পর থেকে মেহেরপুর এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। যে কারণে তীব্র গরম শুরু হয়েছে। দুপুর পর্যন্ত ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছিল। এতো গরমের মধ্যেও প্রচন্ড যানজটের কারণে মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠছে।
মেহেরপুরে তীব্র যানজট দেখে মনেই হচ্ছে না করোনার ভয়াবহতা। লকডাউন সামরিক তুলে নেওয়ায় মানুষজন মাস্ক পড়ার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে। আগামী দুইদিন মেহেরপুর শহরে যানজটের অবস্থা আরো থাকবে বলে অনেকে মন্তব্য করেছেন। কেননা ঢাকাসহ অন্য জেলা থেকেও মেহেরপুরের মানুষ ঈদ করতে আসা শুরু করেছেন, যে কারণে যানজটের তীব্রতা আরো বাড়বে।