বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর রাধাকান্তপুর গ্রামে গন ডাকাতি।।নগদ অর্থসহ ২লাখ টাকার মালামাল লুট।।গ্রাম পাহারার উদ্যোগ

By মেহেরপুর নিউজ

June 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন: মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে একই রাতে ৫ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ওই ঘটনার পর রাধাকান্তপুর গ্রামবাসিদের উদ্যোগে গ্রাম পাহারার ব্যবস্থা নেয়া হয়েছে। জানা গেছে,  রোববার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে ৩০/৩৫ জনের মুখোশধারী একদল ডাকাত একযোগে ওই গ্রামের শুকুর আলীর ছেলে সুফল, রহমত আলীর ছেলে আজাদ, ইজ্জত আলীর ছেলে জিন্নাত, রেজাউলের ছেলে খোদা নেওয়াজ ও দোয়াত আলীর বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে। এসময় ডাকাতদল নগদ অর্থ ও স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে চলে যায়। ওই ঘটনার পর থেকে রাধাকান্তপুর গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে সোমবার থেকে গ্রামবাসীদের উদ্যোগে গ্রাম পাহারার ব্যবস্থা  নেয়া হয়েছে।