মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ নভেম্বর: জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জামায়াত নেতা তারিক মো:সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের শাহজী পাড়া মোড় থেকে শুরু করে কাথুলী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন তারিক মো: সাইফুল ইসলাম,জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম। এর আগে অনুষ্ঠিত মিছিলে অন্যান্যদের মধ্যে জামায়াত নেতা মনিরুজ্জামান,জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী শাকিল আহমেদ সাব্বিরসহ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।।
এদিকে একই দাবিতে মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী খাঁন জাহান আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মোনাখালী বাজার প্রদক্ষিণ করে।