বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সঃ বালক উচ্চ বিদ্যালয় ও এস এম সঃ প্রাঃ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

By Meherpur News

June 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয় দুটিতে পরিদর্শনকালে সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ, অবকাঠামোগত সুবিধা, পরিচ্ছন্নতা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাস, ভবিষ্যৎ লক্ষ্য এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

জেলা প্রশাসকের এ পরিদর্শন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।