মেহেরপুর নিউজ, ২২ মার্চ : ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের ৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলায় ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এ ভোট গ্রহণ করা হবে। ইভিএম এ ভোটগ্রহন উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন অফিস ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ৫দিন ব্যাপী বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ইভিএম প্রদশর্নির মাধ্যমে ডামি ভোট গ্রহণ করে ভোটারদের ভোট দানের পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে। তবে ইভিএম প্রযুক্তি নতুন হলেও সাধারণ ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে। বিগত ভোট গুলোতে নানা অনিয়ম ও বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ার কারণে। আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরিদর্শন করে দেখা যায় সেখানে ওই কেন্দ্রে ভোটগ্রহন কর্মকর্তা রয়েছেন ৩১ জন এবং সেনাবাহিনীর দুই জন ইভিএম এক্সপার্ট দায়িত্বে রয়েছেন। ওই কেন্দ্রে ভোটার রয়েছেন তিন হাজার তিনশ। কিন্তু গত ৫দিনে দুই শতাধিক ভোটার ইভিএম প্রযুক্তি ভোট দিতে এসেছিলেন। ওই কেন্দ্রের প্রিসাইডেং অফিসার আব্দুর রাজ্জাক জানান, সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করে নিয়ে আসছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কবির আহমেদ জানান, সদর উপজেলার ৭৭টি কেন্দ্রে ইভিএম প্রযুক্তিতে ভোট নেওয়া হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে ইতিমধ্যে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে গেছেন। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। দুটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ার কারণেও ভোটারদের আগ্রহ কম বলে ধারণা করা হচ্ছে।