মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে “তারুণ্যের ভাবনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফুয়াদ খান।
সহযোগী অধ্যাপক মঈনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, সহকারী অধ্যাপক নাহিদ আনদাবিল, রিয়া রানী শীল, মীর মাহ্ফুজ জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ১০৩টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের বুকে ক্যামেরা সংযুক্ত থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কোনো গুন্ডা-পাণ্ডার কোনো সুযোগ থাকবে না। নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।