ক্রিকেট

মেহেরপুর স্টেডিয়ামে দাপুটে জয়ে ফাইনালে সদর উপজেলা একাদশ

By Meherpur News

May 03, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর ক্রিকেট বালিকা বিভাগে জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে সদর উপজেলা একাদশ। রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত একতরফা ম্যাচে তারা ১০ উইকেটের বড় ব্যবধানে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর পৌর একাদশ নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে জান্নাতুল মাওয়া সর্বোচ্চ ৮ রান করেন। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সদর উপজেলার কাইফা ও তামান্না—দুজনেই নেন ২টি করে উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সদর উপজেলা একাদশ। দলের পক্ষে অতিরিক্ত থেকেই আসে ৭ রান, যা জয়কে আরও সহজ করে তোলে।

এই জয়ের ফলে দারুণ আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠলো সদর উপজেলা একাদশ।