মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন বলেছেন, আমরা সেই আদিম যুগ থেকে নারী নির্যাতন করে আসছি। নারীদের এক সময় পন্য হিসেবে ব্যবহার করা হত। কালের বিবর্তনে নারীদের পন্য হিসেবে ব্যবহার করা বন্ধ হয়েছে। তবে নির্যাতন বন্ধ হয়নি। তিনি বলেন আমাদের আরো সচেতন হতে হবে। মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। জয়নাল আবেদীন রোববার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হিরা, ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সততা সংস্থার নির্বাহী পরিচালক সুফিয়া আক্তার জামিলা প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানব বন্ধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের নেতৃত্বে মানব বন্ধনে বিভিন্ন সংগঠনের মহিলারা অংশ গ্রহন করেন।