বর্তমান পরিপ্রেক্ষিত

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By Meherpur News

March 26, 2026

মেহেরপুর নিউজঃ

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সকাল ৬টা ৪ মিনিটে মেহেরপুর কলেজ মোড়ে শহীদ স্মৃতিবেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল ৮টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের সুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কারা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি (মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়)সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা প্রশাসক দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং জেলা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কুচকাওয়াজ ‘ক’ গ্রুপে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় গার্ল গাইডস প্রথম, বিএনসিসি মেহেরপুর সরকারি মহিলা কলেজ দ্বিতীয় এবং গার্ল ইন স্কাউট (মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়) তৃতীয় স্থান অর্জন করে।

‘খ’ গ্রুপে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রথম, আল-হেরা আইডিয়াল মাদ্রাসা দ্বিতীয় এবং উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়।

ডিসপ্লে ‘ক’ গ্রুপে সরকারি শিশু পরিবার প্রথম, গার্ল গাইডস (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) দ্বিতীয় এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় গার্ল গাইডস তৃতীয় স্থান অর্জন করে।

ডিসপ্লে ‘খ’ গ্রুপে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রথম, হোলি পাবলিক অ্যান্ড জুনিয়র হাই স্কুল দ্বিতীয় এবং কালেক্টরেট স্কুল তৃতীয় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাফি ইবনে সাজ্জাদ, পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহা. আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়।