বর্তমান পরিপ্রেক্ষিত

যৌতুক দিতে না পারায় স্ত্রীর হাতের আঙ্গুল কর্তন

By মেহেরপুর নিউজ

January 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি: বিদেশ যাওয়ার টাকা শ্বশুরের কাছে চেয়ে না পেয়ে প্রতিশোধের আগুন নিভালো স্ত্রীর হাতের একটি আঙ্গুল কেটে ফেলে দিয়ে। মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে আজ বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামের একতার আলীর ছেলে প্রায় ৫ বছর আগে সদর উপজেলার আমঝুপি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সেলিনাকে বিয়ে করে। বিয়ের পরে তাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান আসে। এদিকে বিয়ের পর মিলন বিদেশে যাওয়ার জন্য তার স্ত্রীর মাধ্যমে শ্বশুরের নিকট মোটা অংকের যৌতুক দাবি করে। এনিয়ে মিলন তার স্ত্রী সেলিনার উপর প্রায় নির্যাতন করে।

এদিকে আজ আবারো সে টাকা দাবি করায় স্বামী- স্ত্রীর মধ্যে কথাকাটির এক পর্যায়ে মিলন তার স্ত্রী সেলিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এ সময় সে ডান হাত দিয়ে ঠেকাতে গেলে তার একটি আঙ্গুল কেটে পড়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।