বর্তমান পরিপ্রেক্ষিত

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মেহেরপুরে জেলা প্রশাসনের বিশেষ সভা

By Meherpur News

February 18, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

সভায় উপস্থিত ছিলেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলার বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।