টপ নিউজ

রমজান মাস জুড়ে সেহরি খাওয়ান নূর নাহার

By মেহেরপুর নিউজ

April 27, 2021

মেহেরপুর নিউজ: রাত ২ টা বাজার সাথে সাথে মেহেরপুর জেনারেল হাসপাতালে রুগী ও রুগীর স্বজনরা থালা-বাটি হাতে করে মূল গেটে লাইন দিয়ে দাড়িয়ে পড়ে। এ দৃশ্য সারা রমজান মাস জুড়ে। হাসপাতাল গেটের নুর নাহারের কাছ থেকে সেহরি গ্রহণ করতেই নারী-পুরুয়ের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা।

নাহার ফার্মেসীর মালিক নুর নাহার বেগম গত ৬ বছর ধরে নিজে হাতে রান্না করে জেনারেল হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের বিনামূল্যে সেহেরী খাওয়ান। একমাত্র ছেলের আত্মার শান্তি কামনায় এই কাজটি বেছে নিয়েছেন তিনি। হাসপাতাল পার্শ্ববর্তী দুস্থ পরিবারেরও অনেকে আসে সেহেরী খেতে। কেউবা সেখানে বসে নূর নাহারের দেয়া সেহরি খায়, কেউবা থালাবাটি ভরে সেহরি নিয়ে যায়। তিনি পুরো রমজান মাসজুড়ে হাসপাতালের রোগী, রোগীর স্বজন এবং নিকটবর্তী দুস্থদের মাঝে সেহরি বিতরণ করেন। সেহরিতে প্রতিদিন তিনি ২৫০ জন মানুষকে নিজ খরচে খাওয়ানোর ব্যবস্থা করেন। নুর নাহারের স্বামী নুরুল ইসলাম মেহেরপুর পিডিবি অফিসে কর্মরত। আছে বিঘা দশেক জমি। নুর নাহার ফার্মেসি ব্যবসা করেন। প্রতিদিন নিজ হাতে তিনি সেহরি রান্না করেন। সেহেরির মেনুতে থাকে মাংস অথবা মাছের সঙ্গে চিকন চালের ভাত, ডাল ও একটি সবজি ।

সেহরি নেওয়া ঝরণা খাতুন, আমঝুপি গ্রামের রশনি আরা, গাংনী উপজেলার জব্বার উদ্দিনসহ অনেকেই জানান, কয়েকদিন ধরে তারা হাসপাতালে চিকিৎসাধীন। নুর নাহার বেগম তাদের সেহরি দেয়ার কারণে সেহরির জন্য চিন্তা করতে হয় না। রোগীদের মাঝে সেহরি বিতরণে নুর নাহারকে সহযোগিতা করেন হাসপাতাল এলাকার আববাস আলী ।

নুর নাহার বেগম জানান, তার একটি ছেলে ছিল। ২০১৫ সালে তিনি মারা যান। পরের বছর থেকে তিনি তার আত্মার শান্তির জন্য ছেলের নামে ইফতার আর সেহরি খাওয়ানো শুরু করেছেন। তিনি বলেন, আল্লাহ যথেষ্ট দিয়েছে । জায়গা জমি রয়েছে। একটি মাত্র মেয়ে তার বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটা মারা গিয়েছে, সে বেঁচে থাকলে তারও হক ছিলো। এই ‘নাহার ফার্মেসী’আমার ছেলের জন্য করা হয়ে ছিলো। সে মারা যাওয়ার পর দোকান বন্ধ করে দেবার কথা ছিলে। কিন্তু আমি বন্ধ হতে দিইনি ছেলের বাবার সাথে পরামর্শ করে নিয়মিত ৬ বছর ফার্মেসী চালিয়ে আসছি। এ ফার্মেসী থেকে যে আয় হয় তা দুস্থদের কল্যাণে ব্যায়ের চেষ্টা করি।