বর্তমান পরিপ্রেক্ষিত

রাজশাহী’র চাঞ্চল্যকর ব্যবসায়ী তৌফিকুল হত্যা মামলার রাবি’র সাংবাদিকতা বিভাগের ছাত্র আরিফুল ইসলামকে গাংনী থেকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

January 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের শিক্ষক শরিফুল ইসলামের ছোট ভাই ব্যবসায়ী  তৌফিকুল হত্যা মামলার আসামি রাবি’র ছাত্র আরিফুল ইসলামকে (২৫) মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রাম থেকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।

আটক আরিফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের নায়েক সুবেদার (বর্তমানে নাইক্ষংছড়ি বিজিবি ক্যাম্পে কর্মরত) সিরাজুল ইসলামের ছেলে। আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী আরিফুলকে আটক করে। আজ রোববার সন্দ্ধ্যায় তৌফিকুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর রাজপাড়া থানার এসআই হাবিবুর রহমানের কাছে সোপর্দ করেছে র‌্যাব । র‌্যাব কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান,আটককৃতরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্ডারওয়ার্ল্ডের রাজনীতির সাথে জড়িত । চাঞ্চল্যকর হত্যা মামলার দু’জন আসামি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন অর রশিদ ও রাজিবুল হাসানকে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ আটক করেছিল। আটককৃতরা ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট এর নিকট জবানবন্দি দিলে আটক আরিফুল ইসলামের নাম বলে। উল্লেখ্য,২০১১ সালের ১৮ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের শিক্ষক শরিফুল ইসলামের ছোট ভাই ব্যবসায়ী  তৌফিকুল যশোর থেকে ভাইয়ের বাড়ি রাজশাহীতে বেড়াতে এসে খুন হয়। আটককৃতরা তাকে পরিকল্পিতভাবে হত্যা শেষে লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেয়।