টপ নিউজ

লকডাউন শিথিলের প্রথম দিনই মেহেরপুর শহরে তীব্র যানজট

By মেহেরপুর নিউজ

April 25, 2021

মেহেরপুর নিউজ:

লকডাউন শিথিল করে শপিং মল সহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রথম দিনেই মেহেরপুর শহরের প্রধান সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর করোনা ভাইরাস প্রতিরোধে সরকার প্রথম দফায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে ২১ তারিখ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষনার পর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউন শীথলতা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ পর্যায়ে সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে নতুন ঘোষিত সময় শুরু হবার পর থেকে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে । সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুর শহরের দোকান গুলোতে ক্রেতা সাধারণের ভিড় বাড়তে শুরু করে। একইসাথে বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট শুরু হয়।

মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে শুরু করে লর্ড মার্কেট পর্যন্ত এবং পৌরসভার সামনে থেকে বড়বাজার চার রাস্তার মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজট শুরু হয়। মেহেরপুর শহরে ক্রমান্বয়ে ইজিবাইক বৃদ্ধি এবং প্রধান সড়কে ট্রাক এবং ট্রাক্টর প্রবেশ করায় যানজট দীর্ঘকায় আকার ধারণ করছে। প্রচন্ড রৌদ্র এবং গরম সাথে যানজটের কারণে রোজাদারদের হিমশিম খেতে হচ্ছে। দিনের বেলায় প্রধান সড়কে ট্রাক, ট্রাক্টর সহ বড় যান প্রবেশ করতে না দেওয়ার জন্য অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।